অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
নিজস্ব প্রতিবেদক:
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াব (SAWAB)। সংস্থাটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জন এবং দিনাজপুরের চিরিরবন্দরে ৩০০ জনসহ মোট ৩৫০ জনের চোখের ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ মানবিক কার্যক্রমে দাতা সংস্থার দুই প্রতিনিধি ড. ওমর আইপার (Dr. Omer Ipar) ও আইদিন আকপিনার (Aydin Akpinar) সরাসরি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। এ সময় আইরিশ আই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নজরুল ইসলাম সুমন, ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছওয়াব সূত্রে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র মানুষ চোখের ছানি অপারেশন করাতে পারেন না। ফলে দীর্ঘদিন দৃষ্টিশক্তির সমস্যায় ভোগার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা হারান তাঁরা। এসব মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের এ উদ্যোগ নেওয়া হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, একটি সফল অস্ত্রোপচার শুধু দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা ও কর্মক্ষমতা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করে।
অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা দাতা সংস্থা ও ছওয়াবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে ছওয়াবের চেয়ারম্যান ও দাতা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের কল্যাণে এবং মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।