মুলাদীতে শ্যালিকাকে নিয়ে পালানো দুলাভাইয়ের ঘটনায় মামলা করতে গিয়ে দুর্ঘটনায় শাশুড়ির মৃত্যু
মুলাদীতে শ্যালিকাকে নিয়ে পালানো দুলাভাইয়ের ঘটনায় মামলা করতে গিয়ে দুর্ঘটনায় শাশুড়ির মৃত্যু
মোঃ হাবিবুল্লাহ বেপারী বরিশাল, হিজলা প্রতিনিধি
বরিশালের মুলাদী উপজেলায় শ্যালিকাকে নিয়ে পালানো দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাশুড়ি। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী রিনা বেগম (৪০) হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মেয়ে তানিয়া আক্তারকে সঙ্গে নিয়ে রিনা বেগম বরিশালের উদ্দেশ্যে রওনা হন। বাসটি মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়কে পৌঁছালে হঠাৎ রিনা বেগমের বমি বমি ভাব হয়। তিনি জানালা দিয়ে মাথা বের করলে বাসটি অপর একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে হেলে পড়ে এবং রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার মাথা আঘাতপ্রাপ্ত হয়।
গুরুতর অবস্থায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী রিপন হাওলাদার জানান, প্রায় তিন বছর আগে তাদের বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় চরহিজলা গ্রামের কাসেম চৌকিদারের সঙ্গে। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর কাসেম তার ছোট মেয়ে সুমী আক্তার (১৮) কে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় কাসেমের বিরুদ্ধে মামলা করতে স্ত্রী ও মেয়ে বরিশাল যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যেই দুর্ঘটনায় স্ত্রীকে হারালেন তিনি। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় মুজাহিদ পরিবহনের বাস আটক করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।